সাফল্যের আশায় মন্দিরে গেলেন অক্ষয়

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে তার বহুকাক্সিক্ষত নতুন ছবি ‘ভূত বাংলা’। তবে বড় পর্দায় ঝড় তোলার আগে আধ্যাত্মিক আশ্রয়ে ধরা দিলেন অভিনেতা। সম্প্রতি ভারতের উজ্জ্বয়িনীর বিখ্যাত মহাকালেশ^র মন্দিরে পুজা দিতে দেখা যায় তাকে। এদিন অক্ষয় কুমারের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন তার শাশুড়ি কিংবদন্তি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। পারিবারিক আবহে মন্দিরের রীতি মেনে পূজা অর্চনা করেন তারা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উজ্জ্বয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। পূজা শেষ করে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন অক্ষয়। তিনি বলেন, ‘খুবই ভালো লাগলো। আমি আমার পরিবার ও গোটা দেশের জন্যই প্রার্থনা করেছি। আমি প্রার্থনা করেছি, আমার দেশ যেন চিরকাল মহান থাকে এবং উন্নতি করে চলে।’ উল্লেখ্য, অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম আলোচিত প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে ‘ভূত বাংলা’কে। অনেকদিন ধরেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা কাজ করছিল। ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে এই মন্দির দর্শন কেবল ব্যক্তিগত মানসিক প্রশান্তি নয়, বরং নতুন প্রজেক্টের সাফল্যের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।