ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের ব্রিফিংয়ে রিজভী বলেন, মনোনয়নের ক্ষেত্রে দলের সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলাসহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে। তিনি মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানান। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। জমা দিতে হবে আগামী ১২ এপ্রিলের মধ্যে। আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা। আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। আসনের ভিত্তিতে আসন অনুপাতে বিএনপি ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
