দীর্ঘ ২৫ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষ দুইয়ে থেকে মৌসুম শেষ নিশ্চিত করায় ‘স্কাই ব্লুজ’দের প্রিমিয়ারে ওঠা নিশ্চিত হয়। বহু উত্থান-পতনের গল্প পেরিয়ে এই প্রত্যাবর্তন ক্লাবটির জন্য এক আবেগঘন মুহূর্ত।
২০০১ সালের ৫ মে অ্যাস্টন ভিলার কাছে হেরে প্রিমিয়ার লিগ থেকে বিদায় নেয় কভেন্ট্রি। এরপর শুরু হয় পতনের দীর্ঘ অধ্যায়। দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয়, এমনকি ২০১৭ সালে নেমে যায় চতুর্থ স্তরেও। আর্থিক সংকট, মালিকপক্ষের বিরোধ, ঘরের মাঠ ছেড়ে অন্য শহরে খেলা, সব মিলিয়ে একসময় ক্লাবটির অস্তিত্বই হুমকির মুখে পড়ে।
বিশেষ করে ২০১৩ সালে দেউলিয়া হওয়ার শঙ্কা, সমর্থকদের লাগাতার আন্দোলন এবং সংসদ পর্যন্ত আলোচনায় ওঠা বিষয়গুলো কভেন্ট্রির কঠিন সময়ের প্রতিচ্ছবি হয়ে আছে। ২০২৩ সালে মালিকানা পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়, যা ক্লাবটির পুনরুত্থানে বড় ভূমিকা রাখে।
এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে নতুনভাবে গড়ে তোলেন তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলীয় ঐক্য ও আত্মবিশ^াস ফিরিয়ে আনার দিকেও বিশেষ গুরুত্ব দেন।
ল্যাম্পার্ড নিজেই বলেন, “আমি বিষয়গুলো সহজ রাখতে চাই। বড় ম্যাচের অভিজ্ঞতা থেকে যা শিখেছি, সেটাই কাজে লাগানোর চেষ্টা করি। খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ না দিয়ে স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়াই গুরুত্বপূর্ণ।”
তাঁর কোচিং দর্শনের প্রভাব মাঠেও স্পষ্ট। পুরো মৌসুমে খুব কম ম্যাচ হেরেছে দলটি। জানুয়ারিতে কিছুটা ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে আবার শীর্ষস্থান দখল করে। শেষ ১৩ ম্যাচে মাত্র একবার হার, যা তাদের ধারাবাহিকতার প্রমাণ।
দলের ভেতরের পরিবেশও বদলে গেছে। মালিক ডগ কিংয়ের সরাসরি সম্পৃক্ততা এবং বৈষম্যহীন সংস্কৃতি খেলোয়াড়দের মধ্যে একাত্মতা তৈরি করেছে। সিনিয়র-জুনিয়র সবাইকে সমান গুরুত্ব দেওয়ার সংস্কৃতি দলকে আরও শক্তিশালী করেছে।
ল্যাম্পার্ডের ভাষায়, “ভোগান্তিও আনন্দের অংশ। ভালো কিছু পেতে হলে কিছুটা কষ্ট সহ্য করতেই হয়।” এই দর্শনই যেন কভেন্ট্রির দীর্ঘ যাত্রার প্রতিচ্ছবি।
২৫ বছরের অপেক্ষার পর প্রিমিয়ার লিগে ফেরা শুধু একটি সাফল্য নয়, বরং সংগ্রাম, ধৈর্য ও বিশ^াসের এক অনন্য গল্প হয়ে থাকল কভেন্ট্রি সিটির জন্য।
২৫ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি
