লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুর অসময়ে যমুনা নদীর বামতীরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলমান ভাঙ্গনে বসতভিটা ও কয়েকশত বিঘা আবাদি জমি ইতিমধ্য নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে বাজার, বাড়িঘর, কৃষিজমি, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। ভয়াবহ ভাঙ্গনে আবাদী জমি হারিয়ে দিশেহারা কৃষক দ্রত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। তবে চরে নদীভাঙন রোধে পদক্ষেপ নিতে সমীক্ষা কার্যক্রম চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান, সাপধরী ইউনিয়নের ঘনবসতিপূর্ণ ২০টি গ্রামই আশির দশকে সড়ক পথে ইসলামপুর উপজেলা শহরের সাথে সংযুক্ত ছিল। আশির দশক থেকে অধ্যবদি পর্যন্ত সময়ে এলাকাটি দুই দফা যমুনা নদী ভাঙনের কবলে পড়েছে। টানা ২০ বছরের অব্যাহত ভাঙ্গনে নদীটি ভাঙ্গতে ভাঙ্গতে প্রায় দশ কিলোমিটার পূর্বে ইসলামপুর উপজেলার গুঠাইল, উলিয়া, হারগিলা তারতা পাড়া ও কাঠমা পর্যন্ত এলাকায় পৌঁছে যায়। ওই সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেওয়ানগঞ্জের ফুটানী বাজার থেকে ইসলামপুরের কুলকান্দি ও গুঠাইল হয়ে উলিয়া বাজার পর্যন্ত ব্লক সেটিং করে যমুনার বামতীর সংরক্ষণে বাঁধ নির্মানে তীব্র স্রোত থেমে গিয়ে দিন দিন নদীটি তার পূর্বেকার মূলস্রোতে ফিরে যায়। ইউনিয়নের কাশারী ডোবা, কোদাল ধোয়া, রায়ের পাড়া, চেঙ্গানিয়া, আকন্দ পাড়া, মন্ডল পাড়া, বিশরশি, সুখচর, চর শিশুয়া, প্রজাপতি, ফকির পাড়া এবং নোয়াপাড়া ইউনিয়নের নতুনপাড়া, পূর্ব রায়ের পাড়া, মাইজবাড়ী, চর টগা ও কাঠমা কৃষ্ণ নগর এলাকা সমূহ নতুন করে চাষাবাদ ও বসবাসের উপযোগী হয়।
এছাড়াও বেলগাছা ইউনিয়নের শীলদহ, সিন্দুরতলি ও চিনাডুলী ইউনিয়নের চরনন্দনের পাড়া, কুকুর মারী, কুতুবুল্লারচর ও নয়াপাড়া এলাকা সমুহ যমুনার পেট থেকে উদ্ধার হয়ে দিন দিন ঘনবসতিপূর্ণ এলাকা ও ফসলি জমির মাঠে রুপান্তরিত হয়েছে। কিন্তু যমুনার নতুন চরাঞ্চল বাসীর সুখ যেন দীর্ঘস্থায়ী হচ্ছেনা। বিগত কয়েক বছরে যমুনা থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন ও অপরিকল্পিত নদী খনন প্রক্রিয়ার কারণে এই অঞ্চলের মাঝ দিয়ে যমুনার দুইটি শাখা নদী প্রবাহিত হয়ে অসময়ে নতুন করে শুরু হয়েছে ভাঙ্গন।
সরেজমিন গিয়ে দেখাগেছে, মন্ডল পাড়া, আকন্দ পাড়া, বিশরশি, সুখচর, চর শিশুয়া ও প্রজাপতি, শীলদহ ও সিন্দুরতলি এলাকা সমুহের পশ্চিমাংশে যমুনা নদীর বামতীরে সম্প্রতি ভয়াবহ নদী ভাঙ্গন চলছে। ভয়াবহ ভাঙ্গনে মুহুর্তের মধ্যই আবাদী জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে।
সাংবাদিক আজিজর রহমান চৌধুরী বলেন,যমুনা নদীর ভাঙ্গা গড়ার সাথে যুদ্ধ করেই বাপ দাদাও এক চর থেকে পাশর্^বর্তী আরেক চরে বসবাস করেছেন। এভাবেই যুগযুগ ধরে সুখে দুঃখে আবর্তীত হচ্ছে দুর্গম চরাঞ্চলের নদীভাঙ্গা অসহায় মানুষগুলোর জীবনযাত্রা। তিনি ভাঙ্গন রোধে স্থানীয় এমপির সুদৃষ্টি কামনা করেন।
চেয়ারম্যান শাহ আলম মন্ডল জানান, অসময়ে প্রায় ৫ কিলোমিটার জুড়ে ভাঙ্গন চলছে। যদি এভাবে নদী ভাঙতে থাকে, তাহলে আমাদের এই ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.জবায়ের বলেন,সাপধরী ইউনিয়নের ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহনে ইতিমধ্য পানি উন্নয়ন বোর্ডের সাথে কখা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্য ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।
এসব বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, যমুনা চরে নদীর ভাঙন রোধে পদক্ষেপ নিতে সমীক্ষা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে টেকসই কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংসদ সদস্য আলহাজ¦ সুলতান মাহমুদ বাবু জানান,আমার উপজেলায় নদী শাসনের কাজ চলমান রয়েছে। তবে যমুনা নদী শাসনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্য নদী ভাঙ্গন রোধে কাজ শুরু হবে।
ইসলামপুরে যমুনায় অসময়ে ভাঙ্গনে বিলীন হচ্ছে ফসলি জমি : দিশেহারা কৃষক
