ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্যেই কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম-শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে দুই বছরের জন্য পাকিস্তান পুরুষ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন তিনি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। ৪৬ বছর বয়সী স্মিথ সব ফরম্যাটের দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। দীর্ঘদিন ধরেই এই পদটি শূন্য ছিল। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতা এবং তারৌবা টেস্টে ধস নামার পর একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি জোরালো হয়ে ওঠে। বর্তমানে পাকিস্তান টেস্ট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক পেসার উমর গুল। তবে ব্যাটিং কোচের দায়িত্ব এতদিন স্থায়ীভাবে কাউকে দেওয়া হয়নি। জাতীয় নির্বাচক আসাদ শফিক মাঝেমধ্যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যাটারদের নিয়ে কাজ করলেও এখন থেকে সেই দায়িত্ব পুরোপুরি পালন করবেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলার সুযোগ না পেলেও কোচ হিসেবে মাইকেল স্মিথের অভিজ্ঞতা সমৃদ্ধ। লেভেল-৪ সনদপ্রাপ্ত এই কোচ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া দলে সফলভাবে কাজ করেছেন। পাকিস্তানের ক্রিকেটের সঙ্গেও তার পরিচয় নতুন নয়। এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের ব্যাটিং বিভাগে কাজ করেছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্মিথ। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্স দলের পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মাইকেল স্মিথ
