নাহিদ রানায় মাতোয়ারা ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ একসময় বিখ্যাত ছিল স্পিনারদের জন্য। আবার বাংলাদেশের উইকেটেরও তকমা ছিল স্পিন বান্ধব। সেই দেশ থেকেই নাহিদ রানার মতো একজন গতিময় পেসার উঠে এসেছেন, ক্রিকেট দুনিয়ার অনেকের জন্যই তা বিস্ময়ের। নিয়মিত ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি গতিতে বল করা এই পেসার রয়েছেন দারুণ ছন্দে। ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে টেস্ট জেতাতে রেখেছিলেন বিরাট ভূমিকা। এর দুই বছর পর তিনি যেন আরও শাণিত। সম্প্রতি পিএসএলে পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়ে এবার পাকিস্তান টেস্ট দলকে নাকানিচুবানি খাওয়াচ্ছেন হোম গ্রাউন্ডে। নাহিদের এই উত্থান কাছ থেকেই দেখা হয়েছে পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার উমর গুলের। তিনি মনে করেন, তার মতো পেসার বাংলাদেশের জন্য সৌভাগ্য। সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে গুল বলেন, ‘১৪০ গতিতে বল করা বোলার পাওয়া যেকোনো দলের জন্য এটা সৌভাগ্য। এটা অনেক সহায়তা করে। যে ফরম্যাটই হোক, গতি অনেক জরুরী। তার ঐ সামর্থ্য আছে।’ গুলের বিশ^াস, ভবিষ্যতে আরও ভালো করবেন নাহিদ। তিনি বলেন, ‘এখনও অনেক তরুণ। আশা করি এবং দোয়া করি, ভবিষ্যতে অনেক ভালো করবে। বাংলাদেশের জন্য ও সৌভাগ্য। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ওর।’
নাহিদ রানার প্রশংসায় উমর গুল
