পর্দায় অনবদ্য অভিনয়ে একের পর এক চমক দেখাচ্ছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য জিতে নিয়েছেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। তবে সাফল্যের মধ্যগগণে থাকা এই অভিনেতার জীবনে নেমে এলো অনাকাক্সিক্ষত অঘটন। কবীর খানের নতুন একটি ছবির হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন কার্তিক। আঘাত এতটাই গুরুতর যে চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির শেষ দুই দিনের শুটিং চলছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি জটিল অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্য ধারণের কাজ করছিলেন কার্তিক। দক্ষ ও পেশাদার অ্যাকশন কোচের অধীনে দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও স্টান্ট করার একপর্যায়ে হাঁটুতে মারাত্মকভাবে আঘাত পান এই অভিনেতা। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দ্রুত শুটিং স্থগিত করে তাকে মুম্বাইয়ের ‘ফোর্টিস রাহেজা’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রযোজনা সংস্থা জানিয়েছে, চিকিৎসকরা দ্রুত তার হাঁটুতে অস্ত্রোপচার করবেন। সার্জারির পর চিকিৎসকদের কড়া নির্দেশনায় বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে কার্তিককে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন এবং অনুরাগ বসুর পরবর্তী নতুন সিনেমার কাজ শুরু করবেন। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর দুর্দান্ত সাফল্যের পর কবীর খান ও কার্তিক আরিয়ান জুটির এটি দ্বিতীয় কাজ। ছবিটিতে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে কার্তিকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডোপামিন স্টুডিওস’। এছাড়া বর্তমানে কার্তিকের হাতে রয়েছে ‘নাগজিলা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র মতো বিগ বাজেটের আলোচিত প্রজেক্ট।
শুটিং সেটে আহত কার্তিক আরিয়ান
