সরিষাবাড়ীতে ভূমিদস্যুর শাস্তির দাবিতে মানববন্ধন

আসমাউল আসিফ
জামালপুরের সরিষাবাড়ীতে প্রভাবশালী ভূমিদস্যু মোয়াজ্জেম হোসেন মন্টুর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২২ আগস্ট দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে ভুক্তভোগী এলাকাবাসী এই কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী জাহিদ হাসান সৌরভ, নাজমা বেগম, রুমা, জালাল মিয়া, সাইদুর রহমান মানিক, লোকমান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গেন্দারপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মৌলভীর ছেলে ও পশু চিকিৎসক মোয়াজ্জেম হোসেন মন্টু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি-জমা জবরদখল করছে। কম জমির কথা বলে বেশি পরিমাণ জমি ক্রয়ের দলিল করা, মিথ্যা ও ভুয়া মালিক সাজিয়ে জমি ক্রয়সহ স্থানীয়দের মারধর ও হুমকি দিয়ে আসছে। তাদের পৈত্রিক সম্পত্তি কিংবা ক্রয়কৃত জমির ওপর মোয়াজ্জেম হোসেন মন্টু ও তার লোকজন অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে বিভিন্নভাবে হয়রানি করছে। চিহ্নিত এই ভূমিদস্যু দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বক্তারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন। একই সাথে ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়া ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান বক্তারা।
ভুক্তভোগী সাইদুর রহমান মানিক জানান, আমার বাবা লোকমান হোসেন ৫ শতাংশ জমি বিক্রি করতে চাইলে ভূমিদস্যু মোয়াজ্জেম হোসেন মন্টু মাত্র দেড় লাখ টাকায় কৌশলে ৪২ শতাংশ জমি লিখে নেয়। তাছাড়া জমির সম্পুর্ণ টাকা সে এখনো পরিশোধ করেনি। এই শোকে আমার বাবা গত ৬ মাস আগে স্ট্রোক করে মারা গেছেন। জাহিদ হাসান বলেন, ওই ভূমিদস্যু জোরপূর্বক আমাদের ২ একর ৬০ শতাংশ জায়গা বেদখল করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে আইনের আওতায় আনা হোক।
স্থানীয় অন্যান্য ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় পশু চিকিৎসক প্রভাবশালী মোয়াজ্জেম হোসেন মন্টু নানাভাবে প্রতারণে করে সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছে। উপজেলার গেন্দারপাড়া গ্রামের অন্তত ২০ জনের নিকট থেকে ও খাস জমিসহ ২৩ একরের বেশী জায়াগ সে একাই অবৈধভাবে দখল করেছে। তবে এ ব্যাপারে মোয়াজ্জেম হোসেন মন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা ও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।