আড়ালিয়া গ্রামে মাদক ও জুয়া বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবসমাজের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম. মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা এএসআই নিজাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে যুবসমাজ এই দুই ব্যাধির কারণে বিপথগামী হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবার ও সামাজিক মূল্যবোধ। একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম. মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) বক্তব্যে বলেন, “মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, সমাজ ও যুবসমাজকে একযোগে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তাহলেই আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হব।” তিনি আরও বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।