শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শ্রীবরদী সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক মজিদ। শ্রীবরদী উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আবু রায়হান মুহাম্মদ আল বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছড়াকার হারুনুর রশিদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম। সাহিত্য আড্ডায় আলোচকরা বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার উৎস, তেমনই আমাদের সব আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ-প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। বাংলা কাব্য-সংগীতে তাঁর আবির্ভাব ছিল ধূমকেতুর মতো বিস্ময়কর ও অভূতপূর্ব। শিল্পকলার সদস্য ও কবি আজাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কবিতা পাঠ ও গান পরিবেশন করেন ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, মাহমুদ আরিফ, মো. তাজুল ইসলাম, মো. রবিন, শফিউল আলম, বাশার আনাম, জিশান মাহমুদ, আব্দুর রহমান রাব্বী, ফারজানা ববি লিজা ও সূচনা রায়। এ সময় শেরপুর ও শ্রীবরদী উপজেলার কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।