অনলাইনে হুঙ্কার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে আসেন- তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ফজলে এলাহী মাকাম,জামালপুর 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জনগণের পেটে লাথি মেরে, মা-বোনদের বুক খালি করে, রক্তপাত করে, আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে। সেই হত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। তাদের বিচারের আওতায় আসতে হবে। অনলাইনে হুঙ্কার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে এখন আসেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আপনাদের জন্য বিচার প্রস্তুত আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে জেলা বিএনপির আয়োজনে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা অতীতে দেখেছি, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, লুটপাট করেছে। বাংলাদেশের কোনো উন্নয়ন করেনি। জামালপুরের উন্নয়ন করেনি, আমার নান্দাইলসহ ময়মনসিংহে কোনো উন্নয়ন করেনি। সারা বাংলাদেশের কোথাও উন্নয়ন করেনি। ঢাকা শহরের কয়েকটি ব্রিজ আর ওভারপাস বানিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা জনগণের টাকা, এই টাকা আপনাদের টাকা। তারা এই টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে।

শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।