তারিকুল ইসলাম তারা
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম শাহীন, উপজেলা যুব দলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকরাই একটি দেশের প্রধান শক্তি ও সম্ভাবনার উৎস। তাদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা এবং কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। তাঁরা বলেন, শুধু চাকরির প্রত্যাশী না হয়ে যুবকদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে হবে। জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ গঠনে অংশগ্রহণের বিষয়ে সচেতনতা তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজিবপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
