জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি এবং ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে জাতি মহান স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায়। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো বিভিন্ন ইস্যুতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।