জামালপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

তানভীর আহমেদ হীরা
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি জামালপুরে অবৈধ লকডাউন, পরিকল্পিত সন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রসহ দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় শহরের বকুলতলা চত্বর থেকে যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়নের নেতৃত্বে বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময় মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, কেন্দ্রীয় জাসাসের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজ রায়হান সজল এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা মেনশনসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। অবৈধ লকডাউনের নামে সারা দেশে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো মাঠে রয়েছেন বলেও দাবি করেন তারা। একই সঙ্গে দেশে ষড়যন্ত্র, নাশকতা ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।