ইসলামপুরে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতনতা বাড়াতে জেসমিন প্রকল্পের প্রচারণা সভা

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেসমিন প্রকল্পের উদ্যোগে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১২ মে উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে এ সভার আয়োজন করা হয়। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পটি অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। সভায় নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব, খাদ্য বৈচিত্র্য নিশ্চিতকরণ, পুষ্টিকর খাদ্য নির্বাচন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, খাদ্য সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং পুষ্টিকর খাবার রান্না ও প্রস্তুত প্রণালি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শাফিউল্লাহ, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুস সামাদসহ অন্যান্যরা। বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ সুস্থ জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে অপুষ্টি দূরীকরণে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রচারণা সভায় উৎপাদক দলের সদস্য, গর্ভবতী এবং দুই বছরের নিচে শিশুর মা, কিশোরী ও এলাকাবাসীসহ প্রায় ১২০ জন উপস্থিত ছিলেন।