মোস্তাক আহমেদ মনির
স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিম এমপি বলেন, কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে কৃষিখাতকে আরও উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। কৃষি কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষক পাবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বিমাসহ পণ্য বিক্রয়ের সুবিধা। এসব সুবিধা নিশ্চিত হলে দেশের কৃষি ও কৃষক ঘুরে দাঁড়াবে। বাড়বে শস্যের উৎপাদন। নিশ্চিত হবে কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা।
মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ডের অনুকূলে প্রদত্ত ১০টি বিশেষ সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের বিষয় নিয়ে প্রান্তিক কৃষকদের নিয়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। এসময়
সমাবেশে মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরেন কৃষকরা।
কৃষিখাতকে আরও উন্নত ও আধুনিক করতে কাজ করছে সরকার : এমপি শামিম তালুকদার
