‘গদর ১’ ও ‘গদর ২’র সাফল্যের পর এবার আসছে ‘গদর ৩’

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গদর’ নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। ‘গদর: এক প্রেম কথা’ এবং ‘গদর ২’-এর সাফল্যের পর এবার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতা অনিল শর্মা। তার এই ঘোষণায় উচ্ছ্বসিত সানি দেওলের ভক্তরা। ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে অনিল শর্মা জানান, ‘গদর ৩’-এর কাজ এগিয়ে চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর থেকেই ছবিটির শুটিং শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২০২৭ সালে সিনেমাটি মুক্তির সম্ভাবনাও রয়েছে। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’ ভারত-পাকিস্তান বিভাজনের পটভূমিতে নির্মিত একটি প্রেমের গল্প। সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে এটি বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে পরিণত হয়। দীর্ঘ ২২ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’। সেই সিনেমাও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। বিশেষ করে তারা সিং চরিত্রে সানি দেওলের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করে। তৃতীয় কিস্তি নিয়ে কথা বলতে গিয়ে অনিল শর্মা বলেন, শুধুমাত্র সিক্যুেয়ল তৈরির জন্য তিনি সিক্যুেয়ল বানাতে চান না। তার মতে, প্রতিটি নতুন কিস্তির গল্প আগেরটির চেয়ে আরও বড় ও শক্তিশালী হওয়া উচিত। পরিচালক বলেন, ‘আমার কাছে যদি “গদর”একটি বোমা হয়ে থাকে, তাহলে “গদর ২”ছিল অ্যাটম বোমা। আর “গদর ৩”বানানোর জন্য এমন গল্প প্রয়োজন, যা নিউক্লিয়ার বোমার মতো শক্তিশালী হবে।’ তিনি আরও জানান, বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন তারা। ঈশ^রের আশীর্বাদ ও সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবির কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন এই নির্মাতা।