নিজস্ব সংবাদদাতা
জামালপুরের চরযথার্থপুর দাখিল মাদ্রাসার জমি দখলের পাঁয়তারা, ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় মাদ্রাসার দপ্তরী ও জমিদাতাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার ৫ অক্টোবর সকালে চরযথার্থপুর দাখিল মাদ্রাসা এবং এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরযথার্থপুর দাখিল মাদ্রাসার জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদ করায় মাদ্রাসার দপ্তরী মো. ফিরুজ আহমেদ ও মাদরাসার জমিদাতার ছেলে আব্দুল হালিম অন্যায়ভাবে মারধর করা হয়। এছাড়া মাদ্রাসার জমি দাতার ছেলে মোহাঃ আঃ হালিম (মনু)-কে বলাইচরের সোলাইমান ও তার ছেলে আনোয়ার কর্তৃক লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানানো হয়। অভিযুক্তরা বিভিন্ন সময় মাদ্রাসার সম্পত্তি বেআইনিভাবে গ্রাস করার চেষ্টা করে আসছে এবং প্রতিবাদ করলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসার সাথে সংশ্লিষ্টরা। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার ফজলুর রহমান, সহকারী শিক্ষক গোলাম ফারুক, আকরামুল হক আজাদ, সাবেক সভাপতি মজিবুর রহমান, ভুক্তভোগী দপ্তরী ফিরোজ আহমেদ ও জমিদাতা আব্দুল হালিম প্রমুখ।
চরযথার্থপুর দাখিল মাদ্রাসার জমি দখল ও দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
