জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে টিনসেট দোকান ভাঙচুর, জমি দখল এবং নির্মাণসামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রনি মিয়া (৪০) জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, নরুন্দি মাঝপাড়া এলাকার বাসিন্দা রনি মিয়ার পিতা মো. মোয়াজ্জেম হোসেন হেবা দলিলের মাধ্যমে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে পাঁচটি টিনসেট দোকান নির্মাণ করে ভাড়ার মাধ্যমে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি দোকানগুলোর সংস্কার কাজ শুরু হলে প্রতিপক্ষ আদালতে মামলা দায়ের করে। পরে আদালত উভয় পক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ভুক্তভোগীর দাবি, আদালতের নির্দেশ মেনে তারা সংস্কার কাজ বন্ধ রাখলেও গত ২০ জুলাই প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে দোকানে ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে তাকে ও একজন সাক্ষীকে মারধর করে আহত করে। এছাড়া গত ২৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি সেচ্চাদলের আহবায়ক আতিক নেতৃত্বে ৩০/৫০ ভাড়াটিয়া লোক পুনরায় সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে এসে আদালতের নির্দেশ অমান্য করে টিনসেট দোকান ভেঙে ফেলে, টিনের বাউন্ডারি নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালায় এবং প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার নির্মাণসামগ্রী ও যন্ত্রাংশ নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগের সঙ্গে ভাঙচুর হওয়া টিনসেট ঘর ও টিনের বাউন্ডারি নির্মাণের বেশ কয়েকটি ছবিও সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী মো. রনি মিয়া বলেন, “আমরা আদালতের নির্দেশ মেনে চলেছি। কিন্তু প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে আমাদের জমি দখল ও মালামাল লুট করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।” তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জের কাছে দায়ের করা অভিযোগে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
জামালপুরে জোর করে জমি দখল করে স্থাপনা নির্মাণ
