দুই বছর পর সেরা দশে জায়গা করে নিলেন বাবর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয় শুধু পাকিস্তানের দীর্ঘ অপেক্ষার অবসানই ঘটায়নি, র‌্যাঙ্কিংয়েও বড় পুরস্কার এনে দিয়েছে দলটির ক্রিকেটারদের। সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ব্যাটার আব্দুল্লাহ শফিক ও স্পিনার সাজিদ খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে তিন বছরেরও বেশি সময় পর দেশের বাইরে টেস্ট জয়ের স্বাদ পায় তারা। সেই ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাবর ও শফিক, আর বল হাতে পাকিস্তানের সেরা পারফর্মার ছিলেন সাজিদ। ম্যাচের প্রথম ইনিংসে ৮৮ রানের দারুণ ইনিংস খেলেন বাবর। দ্বিতীয় ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অপরাজিত ২৪ রান করে। দুই ইনিংসে কার্যকর অবদানের পুরস্কারও পেয়েছেন তিনি। টেস্ট ব্যাটারদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক। বাবরের জন্য এই প্রত্যাবর্তন বিশেষ তাৎপর্যের। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে সর্বশেষ টেস্ট ব্যাটারদের সেরা দশে ছিলেন তিনি। এরপর প্রায় দুই বছর পর আবারও র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে পাকিস্তানের সবচেয়ে বড় পারফরম্যান্সটি এসেছে আবদুল্লাহ শফিকের ব্যাট থেকে। পাকিস্তানের তিন নম্বরে নেমে প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রান করেন তিনি। তার দুর্দান্ত ইনিংসের সুবাদে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন শফিক। বল হাতে পাকিস্তানের সেরা ছিলেন সাজিদ খান। ডানহাতি এই স্পিনার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার পারফরম্যান্সে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন সাজিদ। একই সঙ্গে টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও পাঁচ ধাপ উন্নতি করে ৩২ নম্বরে উঠে এসেছেন তিনি। এদিকে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসারও। আর টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গায় আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। টেস্টের পাশাপাশি পরিবর্তন এসেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সাম্প্রতিক দুই ম্যাচের পর ওয়ানডে ব্যাটারদের তালিকায় বড় উন্নতি করেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। বেলফাস্টে ৭১ রানের ইনিংস খেলার পর গুরবাজ তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন। একই তালিকায় আফগানিস্তানের হাশমতউল্লাহ শাহিদি চার ধাপ এগিয়ে ৫০ নম্বরে জায়গা করে নিয়েছেন। আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যামফারও ওয়ানডেতে ফিরে সমান ৫৯তম স্থানে প্রবেশ করেছেন। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি টানা ম্যাচসেরার পুরস্কার জেতায় র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান আরও শক্ত হয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডের পেসার মার্ক অ্যাডায়ার ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে পুনরায় জায়গা করে নিয়েছেন ১৭ নম্বরে।