ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের সঙ্গে আরও দুটি গোলে সহায়তা করেছেন আশরাফ হাকিমি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে লে হাভরকে ৫-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ হওয়ার রেকর্ড গড়েছেন লুইস এনরিকে। ছাড়িয়ে গেছেন লরা ব্লাঁকে।
গত শুক্রবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল পিএসজি। ১৮ মিনিটে জশ মাজারের গোলে এগিয়ে যায় লে হাভর। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় ফরাসি চ্যাম্পিয়নরা। ২৬ মিনিটে মিকা গডটসের গোলে সমতায় ফেরে পিএসজি। এর দুই মিনিট পর হাকিমির গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে আর গোল হয়নি।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। ৫৫ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন হাকিমি। ৬২ মিনিটে তাঁর পাস থেকেই দলের চতুর্থ গোলটি করেন সেনি মায়ুলু। এরপর ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মরক্কোর এই তারকা। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের দল।
২৭ বছর বয়সী হাকিমির ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন। শুধু তিনটি গোল করেই থেমে থাকেননি তিনি, দলের বাকি দুটি গোলেও রেখেছেন অবদান। অর্থাৎ ম্যাচে পিএসজির পাঁচটি গোলেই সরাসরি ভূমিকা ছিল তাঁর।
এই পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমে এক ম্যাচে পাঁচ গোলের অবদান রাখা চতুর্থ খেলোয়াড় হলেন হাকিমি। গোল ও সতীর্থকে দিয়ে গোল করানো, দুটিই এই হিসাবের মধ্যে রয়েছে। ফ্রান্সের লিগ আঁ-তে এর আগে সর্বশেষ এমন কীর্তি ছিল নেইমারের। ২০২২ সালে পিএসজির হয়ে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা।
আরও একটি পরিসংখ্যানে অনন্য হাকিমি। ২০১৫-১৬ মৌসুম থেকে হিসাব করলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখার নজির আর কারও নেই। পিএসজির ইতিহাসেও এই ম্যাচটি বিশেষ হয়ে থাকবে। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানায় আসার পর ক্লাবটির অফিশিয়াল প্রতিযোগিতায় ২০০০তম গোলটি করেছেন হাকিমি।
ম্যাচ শেষে পিএসজি টিভিকে নিজের অনুভূতি জানিয়ে হাকিমি বলেন, ‘আমার জন্য এটি দারুণ একটি সন্ধ্যা। বিশেষ করে আমরা জয় পেয়েছি বলে। পাশাপাশি এটি আমার প্রথম হ্যাটট্রিক। আমি খুবই আনন্দিত এবং এই জার্সিতে যতটা সম্ভব বেশি গোল করতে চাই।’
হাকিমির এমন পারফরম্যান্সের রাতে পিএসজি কোচ এনরিকেও নিজের রেকর্ড নতুন করে লিখেছেন। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল পিএসজির কোচ হিসেবে তাঁর ১২৭তম জয়। এত দিন লরা ব্লাঁর সঙ্গে ১২৬টি করে জয় নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার এককভাবে শীর্ষে উঠে গেলেন স্প্যানিশ কোচ।
পিএসজির হয়ে ১৮৮ ম্যাচে ১২৭ জয় পেয়েছেন এনরিকে। হেরেছেন ২৭ ম্যাচে। তাঁর জয়ের হার ৬৭ দশমিক ৬ শতাংশ। প্রতি ম্যাচে গড়ে পয়েন্ট পেয়েছেন ২ দশমিক ২১। তাঁর অধীনে পিএসজি গোল করেছে ৪৫৭টি, যা ব্লাঁর কোচিংয়ে দলের করা গোলের চেয়ে ৬৬টি বেশি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে কোচ হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও এখন এনরিকের। এই তালিকায় তাঁর পেছনে রয়েছেন মিকেল আরতেতা ১২১ জয়, পেপ গার্দিওলা ১১৬, দিয়েগো সিমিওনে ১১০ এবং উনাই এমেরি ও জাবি আলোনসো ১০১টি করে জয় নিয়ে।
রেকর্ড গড়ার পর পিএসজি টিভিকে এনরিকে বলেন, ‘এই পর্যায়ের একটি ক্লাবকে কোচিং করানো এবং এমন অবিশ^াস্য খেলোয়াড়দের পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি খুবই আনন্দিত। আশা করি, প্যারিসে ইতিহাস গড়া অব্যাহত রাখতে পারব।’
নেইমারের পর হাকিমির কীর্তি, পিএসজির জয়ে রেকর্ড এনরিকের
