নেশন্স লিগের কোয়ার্টারেই স্পেন-ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। শেষ আটের ড্রয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়েছে নরওয়ে, পর্তুগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং জার্মানির লড়াই হবে বেলজিয়ামের সঙ্গে। ফলে নকআউট পর্বের শুরুতেই ইউরোপের শীর্ষ দলগুলোর মধ্যে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের চারটি জুটি ও সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ। দুই লেগের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচগুলো হবে ২০২৭ সালের ২৫ থেকে ২৭ মার্চ। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩০ মার্চ। গ্রুপ পর্বে রানার্সআপ হওয়া দলগুলো প্রথম লেগ নিজেদের মাঠে খেলবে। ফলে ফিরতি লেগে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল।
স্পেন ও ফ্রান্সের লড়াই এই কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দল দুটি। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। এরপর ২০২৫ সালের নেশন্স লিগের সেমিফাইনালেও ফরাসিদের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পায় স্প্যানিশরা। সর্বশেষ ২০২৬ বিশ^কাপের সেমিফাইনালেও ফ্রান্সকে ২-০ গোলে হারায় স্পেন।
নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটিও বাড়তি আকর্ষণ তৈরি করবে। ২০২৬ বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে দুই দলের দেখা হয়েছিল। সেই ম্যাচে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ড। এবার নেশন্স লিগের শেষ আটে আবারও মুখোমুখি হওয়ায় নরওয়ের সামনে পুরোনো হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে।
ইংল্যান্ড কোচ টমাস টুখেল অবশ্য শুধু কোয়ার্টার ফাইনাল পার হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন না। নেশন্স লিগের শিরোপাও জিততে চান তিনি। টুখেল বলেন, ‘হ্যাঁ, আমরা এটি জিততে চাই। তবে সবার আগে আমাদের কোয়ার্টার ফাইনাল জিততে হবে।’
অন্য দুই কোয়ার্টার ফাইনালে নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম। চারটি ম্যাচের জয়ী দল আগামী জুনে নেশন্স লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।
সেমিফাইনালের সূচিও ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছে। নেদারল্যান্ডস ও পর্তুগালের ম্যাচের জয়ী দল খেলবে স্পেন ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম ও জার্মানির ম্যাচের জয়ী দল এবং নরওয়ে ও ইংল্যান্ডের ম্যাচের বিজয়ী দল।
কোয়ার্টার ফাইনালের দুই লেগ শেষে বিজয়ী চার দলকে নিয়ে আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৩ জুন একই দিনে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। চূড়ান্ত পর্বের আয়োজক ভেন্যু এখনো নির্ধারণ করেনি উয়েফা।
নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল
স্পেন বনাম ফ্রান্স
নরওয়ে বনাম ইংল্যান্ড
নেদারল্যান্ডস বনাম পর্তুগাল
বেলজিয়াম বনাম জার্মানি
সেমিফাইনালের সম্ভাব্য লড়াই
নেদারল্যান্ডস/পর্তুগাল বনাম স্পেন/ফ্রান্স
বেলজিয়াম/জার্মানি বনাম নরওয়ে/ইংল্যান্ড