জাপানে ভারী তুষারপাত, পর্যটকসহ আটকা ১৫০০ মানুষ

জাপানের ফুকুশিমা প্রদেশে ভারী তুষারপাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ আটকা পড়েছেন। তুষারের চাপে গাছ উপড়ে সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় ৭০০ পরিবার। গতকাল শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কিয়োদো নিউজ। প্রতিবেদন অনুযায়ী, ফুকুশিমা প্রদেশের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় এ ঘটনা ঘটেছে। আটকে পড়াদের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা। এছাড়া ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় অবস্থানরত প্রায় ৫০০ পর্যটকও আটকা পড়েছেন। উরাবান্দাই একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন এলাকা। শীত মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে পর্যটকদের ভিড় থাকে। তবে ভারী তুষারপাতের কারণে সড়কে গাছ পড়ে যাওয়ায় এলাকাটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপড়ে পড়া গাছ বিদ্যুতের লাইনেও আঘাত হেনেছে। এতে উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ আরও জটিল হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার এবং সড়ক থেকে গাছ সরানোর চেষ্টা চলছে। এদিকে, আটকে পড়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি