এতদিন পর্দায় নানা চরিত্রের মাধ্যমে দর্শকদের গল্প শোনানো অভিনেতা তৌসিফ মাহবুব এবার মঞ্চে তুলে ধরবেন নিজের জীবনের অভিজ্ঞতা। অভিনয়জীবনের নানা অধ্যায়, পথচলার শিক্ষা ও ব্যক্তিগত উপলব্ধি ভাগ করে নিতে বক্তা হিসেবে যুক্ত হয়েছেন ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’ শীর্ষক আয়োজনে।
আগামী ২৭ নভেম্বর রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। মাস্টারকার্ডের উপস্থাপনায় আয়োজনটির প্রতিপাদ্য ‘১০ ইয়ারস অব রাইজ, ১০এক্স ইয়োর গ্রোথ’। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অনুষ্ঠানে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন তৌসিফ। তিনি জানান, এতদিন বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে মানুষের কাছে গল্প তুলে ধরেছেন। এবার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা ও শিক্ষা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন।
তৌসিফ লিখেছেন, ‘আমি বছরের পর বছর ধরে বিভিন্ন চরিত্রের মাধ্যমে গল্প বলে এসেছি। এবার আমার নিজের জীবনের কিছু শিক্ষা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি।’
এ সুযোগ দেওয়ার জন্য আয়োজক ডন সামদানি ও ‘রাইজ অ্যাবাভ অল’ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর কথায়, ‘আমার যাত্রার মধ্যে এমন কিছু আছে, যা অন্যদের সঙ্গে শেয়ার করা যায়, এই বিশ^াস রাখার জন্য “রাইজ অ্যাবাভ অল” টিমকে ধন্যবাদ।’
অনুষ্ঠানটি নিয়ে নিজের প্রত্যাশাও জানিয়েছেন তৌসিফ। তিনি এমন একটি আয়োজনের অপেক্ষায় আছেন, যেখানে অর্থপূর্ণ আলোচনা হবে, নতুন দৃষ্টিভঙ্গি উঠে আসবে এবং অংশগ্রহণকারীরা একে অপরের কাছ থেকে অনুপ্রাণিত হতে পারবেন। তাঁর মতে, জীবনের যে পর্যায়েই থাকুন না কেন, প্রত্যেকেই শেখার মধ্য দিয়ে এগিয়ে যান।
ব্যক্তিগত বিকাশ ও দক্ষতা বৃদ্ধির ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আয়োজনে রয়েছে ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সি। বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।
মঞ্চে নিজের জীবনের গল্প শোনাবেন তৌসিফ মাহবুব
