বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে স্থানীয় আবুল কাশেম কাশি কর্তৃক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বেলা ১১ টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় সাংবাদিকদের মধ্যে আশরাফুল হায়দার, সাংবাদিক শাহীন আল আমিন, আবদুল লতিফ লায়ন, জিএম ফাতিউল হাফিজ বাবু, এমদাদুল হক লালন, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন, রাশেদুজ্জামান রনি, ইমরান আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে পৌর শহরের সর্দার পাড়া এলাকার চিহ্নিত মামলাবাজ আবুল কাশেম কাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যেই এই মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
