বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে আবারও ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকালে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার দিয়ে দুটি অটোরিকশায় করে সার গুলো অন্যত্র নেওয়ার পথে আটক করা হয়। এর আগে সোমবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার থেকে আরো ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন উপজেলা প্রশাসন। জানা গেছে, গত কয়েকদিন থেকে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন ইউরিয়া সার বিভিন্ন এলাকায় পাচার করার চেষ্টা করছে। প্রশাসনের তৎপরতায় এসব সার পাচার ভেস্তে গেছে। মঙ্গলবার বিকালে দুটি অটোরিকশায় ২৫ বস্তা ইউরিয়া সার বাট্টাজোড় নতুন বাজার হয়ে অন্যত্র পাচারের সময় স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করেন। পরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনকে অবগত করা হলে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে ২৫ বস্তা সার জব্দ করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত সার গুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন জানান , সার গুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন। অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে আরো ২৫ বস্তা সার জব্দ
