বর্তমান বিশ্বে গণতন্ত্র ছাড়া উন্নয়নের কোনো মাধ্যম আবিষ্কার হয়নি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রায় ১৬ থেকে ১৭ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। অবশেষে গণতন্ত্রের বিজয় হয়েছে। বর্তমান বিশ্বে গণতন্ত্র ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম আবিষ্কার হয়নি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব অত্যায়-অত্যাচার, গুম-খুন উপেক্ষা করে রাজপথে নেমে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য গৌরবের। গতকাল শনিবারসকালে ভোলা সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ২০২৪ এর আন্দোলন সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে। সারা বিশ্বের দৃষ্টি ছিল বাংলাদেশের দিকে। গত ১৬ থেকে ১৭ বছরের গুম-খুন থেকে আমরা মুক্ত। আমি আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বর্তমান সরকার দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। আমি আশা করছি দল মত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত করবে। তিনি আরও বলেন, রাজনীতিক মতাদর্শের কারণে দেশের মানুষের যেনো ক্ষতি না হয় সেটাই আমরা চাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জনজীবনে সংকট নেমে এসেছে। আশা করি এই সংকট কেটে যাবে। স্পিকার বলেন, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বিচার বিভাগ জামিন দিয়েছে। আমি মনে করি একটা ভালো কাজ হয়েছে। তিনি একজন নারী স্পিকার ছিলেন। তার জামিন অবশ্যই বিচার-বিশ্লেষণ করেই দিয়েছে। এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ প্রমূখরা উপস্থিত ছিলেন।