তানভীর আহমেদ হীরা
জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত পাঁচ দিন ধরে অবস্থান করছেন মিষ্টি পারভিন নামে এক তরুণী। তার অভিযোগ, দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের কথা বলে তাকে প্রেমিকের বাড়িতে নিয়ে যাওয়া হলেও পরে তাকে পরিবারের কাছে রেখে প্রেমিক চলে যান। এ সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মিষ্টি পারভিনের দাবি, দেওয়ানগঞ্জের পোড়াভিটা এলাকার ফেলু মিয়ার ছেলে সেনা সদস্য জীবন মিয়ার সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে পরিবারের সদস্যদের কাছে তাকে রেখে তিনি চলে যান বলে অভিযোগ মিষ্টির। পরে বিয়ে না করে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর বিয়ের দাবি ও ন্যায়বিচারের আশায় জীবন মিয়ার বাড়িতে অবস্থান নেন মিষ্টি। এদিকে মিষ্টির অবস্থানের খবর ছড়িয়ে পড়লে তার পাশে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দুপুরে তার বিয়ে ও ন্যায়বিচারের দাবিতে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়কের তারাটিয়া-পোড়াভিটা এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে আহসান হাবিব জুয়েল, দুলাল হোসেন, আমজাদ হোসেন, বাকি সরকার, খুশি পারভীনসহ স্থানীয়রা বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মিষ্টি পারভিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বতর্মানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। একই সঙ্গে তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি দুই পক্ষের সম্মতিতে বিষয়টির সমাধান এবং বিয়ের ব্যবস্থা করার আহ্বান জানান স্থানীয়রা। এছাড়াও তারা বলেন, আমাদের আশপাশের গ্রামেও এধরনের ঘটনা কখনো কোনদিন শোনিনী এ ধরনের ঘটনা প্রত্যাশিত। ঘটনা জানাজানির পর থেকে প্রতিদিন মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত প্রেমিকার বাড়িতে ভুক্তভোগী মিষ্টি পারভীনকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন। মিষ্টি পারভিন বলেন, “জীবন আমাকে তার বাড়িতে নিয়ে যায়। পরে তার বাবা-মায়ের কাছে রেখে সে চলে যায়। এরপর আমাকে নির্যাতন করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই এবং জীবনকে বিয়ে করতে চাই।” চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে এক তরুণীর এমন অবস্থান ও এলাকাবাসীর মানববন্ধনকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
