নিজস্ব সংবাদদাতা
ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে তিনজন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য আর্থিক ও কর্মসংস্থানমূলক সহায়তা দেওয়া হয়েছে। ‘ভিক্ষুকমুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে’ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় মোসলেমাবাদ গ্রামের বাবর আলীকে একটি নতুন ভ্যান ও ঝালমুড়ি বিক্রির সরঞ্জাম দেওয়া হয়। একই গ্রামের নিহালকে কর্মসংস্থানের জন্য ২৮ হাজার টাকা সুদমুক্ত ঋণ এবং মহিষবাতান গ্রামের গতু মন্ডলকে ১৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ ধরনের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ-মেলান্দহ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মসূচির মাধ্যমে ভিক্ষুকদের হাতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং আয়মুখী কাজের সুযোগ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ভিক্ষাবৃত্তি ছাড়তে মাদারগঞ্জে তিনজন পেলেন পুনর্বাসন সহায়তা
