বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা দলটির বর্তমান রাজনীতি পছন্দ করছেন না এবং ভবিষ্যতে তাদের অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দেখা যেতে পারে বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘রাজনীতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান’ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আসিফ মাহমুদ বলেন, বিএনপির ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম এমনকি তাদের ঘরের সন্তানরাও আজ তাদের প্রত্যাখ্যান করছে। বিএনপির অনেক বড় বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করে জানাচ্ছেন যে, তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। ভবিষ্যতে আপনারা তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখতে পারেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা সরকারি দল থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন দেখছি তারা জাতির সাথে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে, তারা বেশিদিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, তারেক রহমান ঠিক এরশাদের মতোই দেশ চালাতে চাইছেন। সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার এই পাঁয়তারা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে পরাজিত বা মনোনয়ন বঞ্চিত, তাদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো হচ্ছে। আমরা আহ্বান জানাবো, দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অচল অবস্থা দূর করুন। এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সেখানে উগ্রপন্থিরা ক্ষমতায় আসায় আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শঙ্কা আছে। তবে আমরা তাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা না বললেই ভালো। আমাদের বিষয় দেখার জন্য আমরাই যথেষ্ট। অনুষ্ঠানে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর আহত নেতারা, তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাদিমুর রহমান (অনলাইনে), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফ এবং ঐতিহাসিক ফরাজী আন্দোলনের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনসহ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি প্রমুখ।
ভবিষ্যতে বিএনপির শীর্ষ নেতাদের সন্তানদেরও এনসিপিতে দেখবেন: আসিফ
