এম.এফ. মাকাম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামের এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। পেশায় তিনি অটোচালক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার ১৭ আগস্ট অটোরিকশা নিয়ে বাড়ি বের হন জহুরুল ইসলাম। পরে রাত ২ টার দিকে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জহুরুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে জহুরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার ছেলে থানায় নিখোঁজের অভিযোগ করেন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশে একটি খেতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সড়কের পাশে মিলল অটোচালকের অর্ধগলিত মরদেহ
