স্টাফ রির্পোটার
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতার ঝুঁকি, প্রভাব এবং প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অনলাইনে নারী ও শিশুদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য, কটূক্তি ও হয়রানি রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শেখ মাহবুবুল হোসেন রাজীব। উপস্থাপিত সেমিনারের বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ইমরুল কবির, উপজেলা নির্বাহী অফিসার, মেলান্দহ জিন্নাত আরা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বেরা হক, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ইমন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু এবং এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সহ আরও অনেকে। এই সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, ইমাম, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, কনটেন্ট ক্রিয়েটর, মহিলা প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, অভিভাবক সহ ৭০ জন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, অপমানজনক কমেন্ট, ভুয়া তথ্য প্রচার এবং নারী ও শিশুদের নিয়ে অবমাননাকর পোস্ট বা ভিডিও প্রকাশের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ড ব্যক্তি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং মানসিক স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাঁরা আরও বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও ইমেইলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনগত সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল ব্যবহার এবং পারিবারিক ও সামাজিক নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেমিনারে অংশগ্রহণকারীদের অনলাইনে নিরাপদ আচরণ নিশ্চিত করা, গুজব ও বিদ্বেষমূলক কনটেন্ট থেকে বিরত থাকা এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
