সরিষাবাড়ীতে নদীতে নিখোঁজের ৬ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

মোস্তাক আহমেদ মনির
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম হোসেন ইসমাইল ও ওসমান মিয়া নামে দুই শিশুর নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত বৃহস্পতিবার ১৮ জুন দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের শামিম মিয়ার ছেলে ওসমান (৮) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম হেসেন ইসমাইল (৭)। তারা দুইজনই স্থানীয় মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনার ৬ ঘন্টা পর সন্ধা সাড়ে ৬ টার দিকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ী আসে ইব্রাহিম ও ওসমান। পরে তীব্র গরমে বাড়ীর পাশে রাধানগর সানসেট পয়েন্ট এলাকার যমুনা নদীর পাড়ে আরও ৫-৬ জন সহপাঠিদের সাথে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইব্রাহিম ও ওসমান তলিয়ে যেতে থাকে। তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুইটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট। পরে দীর্ঘ ৬ ঘন্টার চেষ্টার পর সন্ধা সাড়ে ৬ টার দিকে প্রথমে ইসমাইল ও পরে ওসমানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ বিষয়ে জামালপুর ফায়ার স্টেশনের লিডার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা ডুবে যাওয়া স্থানে উদ্ধার কাজ পরিচালনা করছি। তবে স্রোত বেশি থাকায় পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিলো। দীর্ঘসময় চেষ্টার ৬ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।