জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে।
এদিকে মাদকের সয়লাবে যুব সমাজ যেমন হুমকির মুখে ররেছে তেমনি আতঙ্কে রয়েছেন অভিভাবক সহ সচেতন মহল। মাদক প্রতিরোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি জানিয়েছেন সীমান্ত এলাকার মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা দুটি ভারতের সীমান্ত ঘেষা। জামালপুর জেলার উত্তরে রাজিবপুর ও রৌমারী উপজেলা। পূর্বে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা। বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ ছাড়াও এই উপজেলা গুলো ভারত সীমান্তবর্তী উপজেলা হিসেবে পরিচিতি।
এরমধ্যে বকশীগঞ্জ উপজেলাটি বিভিন্ন ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত। ধানুয়া কামালপুর স্থল বন্দর ও লাউচাপড়া বিনোদন কেন্দ্র ও সাধু আন্দ্রে ধর্মপল্লী থাকায় বিশেষ গুরুত্ব বহন করে বকশীগঞ্জ উপজেলাটি। অথচ সেই উপজেলাটি এখন ডুবছে মাদকের ভয়াল থাবায়। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদকের ভয়াবহতা আরো বেড়েছে এই উপজেলায়। শুধু মাদকই নয় বেড়েছে ভারতীয় গরু পাচার ও ভারতীয় প্রসাধনী পণ্য পাচার।
রাত হলেই বকশীগঞ্জ, শ্রীবরদীর ভারত ঘেষা সীমান্ত গুলোতে বাড়ে চোরা কারবারীদের আনাগোনা।
স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণব পাড়া, দিঘল কোনা, টিলা পাড়া, সোমনাথ পাড়া, লাউচাপড়া ও শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকা দিয়ে প্রতি রাতেই মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করছে। কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে মাদকের চালান দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এছাড়াও সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাই পণ্য নামানো হচ্ছে। বিশেষ করে ভারতীয় গরু প্রতি রাতেই নামানো হয় বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্ত দিয়ে। ফলে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশ করায় সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ভারতীয় প্রসাধনী পণ্য বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন রুট ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, মাদক-গরু-প্রসাধনী পাচারের রুট হিসেবে ব্যবহার হচ্ছে বকশীগঞ্জসহ আশেপাশের সীমান্ত গুলো। তাদের মতে প্রতিদিন কোটি টাকার অবৈধ চোরাচালান হয়ে থাকে এসব সীমান্ত দিয়ে।
সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকা থেকে এক হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ছিল সাড়ে ১৬ লাখ টাকা। এর কয়েকদিন আগে একই গ্রাম থেকে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করে ডিবি পুলিশ।
এছাড়াও ভারতীয় গরু পচারের সময় ৮ টি গরু জব্দ করে বকশীগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি ভারতীয় প্রসাধনী পণ্য ধরা পড়ছে বিজিবির হাতে।
নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার এক ব্যক্তি জানান, রাত ১০ টার পর থেকে ভোর পর্যন্ত সীমান্তে চোরা কারীরা সক্রিয় থাকে। চোরা কারবারীরা সারারাত সুযোগ বুঝে মাদক , গরু ও কসমেটিকস নিয়ে আসে বাংলাদেশে। তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে মাদক জব্দ করা হয়। বিজিবি সীমান্তে অভিযান চালালেও তবুও নিয়ন্ত্রণ হচ্ছে না চোরাচালান।
স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি মহল চোরাচালান করছে বলেও জানান ওই ব্যক্তি।
গত ২৩ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সীমান্তে চোরাচালান বিষয়ে বিশদ আলোচনা হয়। ওই সভায় সাম্প্রতিক সময়ে মাদকের ভয়াবহতা ও চোরাচালান বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই।
সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী আফিসার মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান বন্ধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সীমান্তে চোরাচালান বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠিকেও সচেতন হওয়া জুরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মাদকের ভয়াবহতা নিয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্তে বিজিবি কাজ করছে পাশাপাশি পুুলিশও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদকের ভয়াবহতা রোধে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যান্টে কর্নেল হাসানুর রহমান জানান, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিজিবি বিভিন্ন সীমান্তে মাদক , গরু ও বিভিন্ন জব্দ করছে। মাদক ও চোরাচালানের বিষয়ে আমরা জিরো টলারেন্সে রয়েছি। সীমান্তে অপরাধীদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।
সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পন্য, অভিযানেও থামছে না চোরাচালান
