দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা অসন্তুষ্ট। এ কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন পর্যায়ের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপিসহ অন্য কোনও সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকার কথাও জানান তারা। এ বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে বিভিন্ন সময়ে টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
