১৩ বছর পর জমির দখল ফিরে পেলেন প্রকৃত মালিক

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে ১৩ বছর পর দীর্ঘ আইনি লড়াই শেষে পৈতৃক জমির দখল ফিরে পেয়েছেন মোখলেছ মিয়া। গত শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে সিভিল জজ আদালত, ইসলামপুর, জামালপুরের রায়কৃত উচ্ছেদ মামলার আদেশ বাস্তবায়নে সরেজমিনে গিয়ে জমির দখল বুঝিয়ে দেন জারিকারকরা। জানা গেছে, উপজেলার কিসমত গোবিন্দী মৌজার ১৫৫৮ নম্বর দাগের ৬২ শতাংশ জমি নিয়ে গুল মামুদ ওরফে সাইদুর, শহীদুর রহমান কাজীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ১৭ সেপ্টেম্বর আদালত মোখলেছ মিয়ার পক্ষে রায় দেন। পরে আদালতের আদেশ অনুযায়ী শনিবার তিনি জমির দখল বুঝে পান।