২০২৬ বিশ^কাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের গুঞ্জন ছিল লুকা মদ্রিচের। তবে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা এবারের উয়েফা নেশন্স লিগে খেলছেন। দলের প্রথম ম্যাচেই সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ডও গড়লেন তিনি। যাতে ভর করে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ক্রোয়েশিয়া। যদিও প্রাগে অনুষ্ঠিত এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেও জ্বরের কারণে মদ্রিচের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। যে কারণে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও আসেননি এই ইন্টার মিলান মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিটে) বক্সে ডুকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে চেক প্রজাতন্ত্রের জাল কাঁপান মদ্রিচ। তার গোলে ডেডলক ভেঙে ক্রোয়াটরা ম্যাচে ১-০ ব্যবধানে লিড নেয়। ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৪১ বছর ১৭ দিন) গোলটি করলেন মদ্রিচ। মদ্রিচের বয়সের বাধা এড়িয়ে গোলের রেকর্ড গড়ার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন, যা ইউরোর মূলপর্বে সর্বকালের সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। মদ্রিচের গোলে অবশ্য ম্যাচ পুরোপুরি ক্রোয়াটদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাত মিনিটের ব্যবধানেই চেক প্রজাতন্ত্র পাল্টা জবাব দেয়। আদাম কারাবেচ গোল করে দলকে সমতায় ফেরান এবং ক্রোয়েশিয়াকে আবারও এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামতে বাধ্য করেন। ৭৭ মিনিটে তারা কাক্সিক্ষত গোল পায়। ইভান পেরিসিচ ফাঁকা জায়গা খুঁজে নিয়ে মার্কো পাসালিচের জন্য বল বাড়িয়ে দিলে তিনি ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ে নেশন্স লিগের ‘গ্রুপ এ৩’-এ ক্রোয়েশিয়ার প্রথম তিন পয়েন্ট নিশ্চিত হলো। যেখানে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ^চ্যাম্পিয়ন স্পেন। যারা নিজেদের প্রথম ম্যাচে থ্রিলার লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে।
৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ
