আনসার কমান্ডার পরিচয়ে অবৈধ মাটি উত্তোলন: মাদারগঞ্জে ভেকু ধ্বংস, ব্যাটারি জব্দ

স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন অকেজো করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গত শুক্রবার ৩ এপ্রিল বিকেলে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় ঝাড়কাটা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার সিরাজুল আকন্দের ছেলে নুরনবী দীর্ঘদিন ধরে আনসার কমান্ডার পরিচয় ব্যবহার করে ঝাড়কাটা নদীর সরকারি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নুরনবী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো করে এবং এর ব্যাটারি জব্দ করে।
এলাকাবাসীর অভিযোগ, নুরনবী দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে অবৈধ শালিসের নামে অর্থ আদায় করে নিরীহ মানুষকে হয়রানি করছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।