ইন্টারনেটের গতি কম থাকতে পারে আজ থেকে ৩ দিন

দেশের আন্তর্জাতিক ইন্টারনেটে সাময়িক চাপ তৈরি হতে যাচ্ছে। কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত নির্ধারিত এই কাজ চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট কিংবা মাঝেমধ্যে সংযোগে বিঘ্নের অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প সংযোগ চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফোরের (সি-এমই-ডব্লিউই-৪) মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ সচল রাখা হবে। বিএসসিপিএলসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।