ইরানের অভ্যন্তরে একাধিক স্থানে মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার মুখে জর্ডানের সামরিক বাহিনী কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত ছাড়াই তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানানোর কয়েক ঘণ্টার মাথায় এই দাবি করলো তেহরান। এক বিবৃতিতে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং আরও কয়েকটি বিমানের মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করেছে। একই সঙ্গে তারা জর্ডানের নাগরিকদের প্রতি তাদের দেশে থাকা আগ্রাসী ও ইসলামবিরোধী আমেরিকানদের স্বার্থ লক্ষ্য করে আঘাত হানার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি জানিয়েছে, ইরানের ইরানশাহরে ইরানি সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ার আল-তানফে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালিয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সিরিয়া সরকার বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা সিরিয়া, জর্ডান এবং ইরাকের ত্রিমুখী সীমান্ত সংযোগস্থলে অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। এদিকে উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল এবং সুলাইমানিয়াতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগত হামলা লক্ষ্য করে সক্রিয় হওয়ায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা জনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলাটি মূলত ইরানি কুর্দি ভিন্নমতালম্বী গোষ্ঠী কোমালার ওপর চালানো হয়েছে, যাতে অন্তত ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও অতীতে তারা কোমালাকে লক্ষ্যবস্তু করেছে। তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর ওপরও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে কাতার রয়েছে। এছাড়া তারা কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে আঘাত হেনেছে, যা এই ছোট মরুময় দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মাসে দুই পক্ষের মধ্যে সম্মত হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর লাগাতার পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: এনডিটিভি
মার্কিন যুদ্ধ বিমানে হামলার দাবি ইরানের
