বকশীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দেলোয়ার হোসেন মাষ্টার নামে এক ব্যক্তিকে ভূয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার ৬ অক্টোবর দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে মুক্তিযোদ্ধা কমান্ডের পুরাতন কার্যালয়ে মুক্তিযোদ্ধোদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী তার বক্তব্যে বলেন , ২০২২ সালের প্রকাশিত গেজেটে সারা দেশে ৮১ জনকে ভূয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জামুকা। ওই তালিকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দু’জনের গেজেট বাতিল হয়েছে। এরমধ্যে একজন হলেন সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন ও অপরজন আব্দুর রাজ্জাক। তিনি আরও বলেন, দেলোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে বলে হয়েছে আমি নাকি প্রত্যায়ন পত্র দিয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা জীবিত থাকা পর্যন্ত কোনো ভূয়া মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সুযোগ দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ অক্টোবর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মৃত্যুর পর সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা গার্ড অব অনার দেওয়ার জন্য তাঁর জানাজায় যাওয়ার সময় বকশীগঞ্জের মুক্তিযোদ্ধারা এতে বাঁধা দেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এরই প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা।