জামালপুরে ১ হাজার পিস ইয়াবা ও নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার ১২ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকায় মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার আব্দুল খালেক ওরফে জাহিদ খান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. রনি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খাদিজা বেগম এবং গাজীপুরের বাসন এলাকার বাবুল। তাঁদের সবার বর্তমান ঠিকানা গাজীপুরের বাসন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ডিবি-২-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। এ ছাড়া তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জামালপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।