নান্দাইল দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে গান, প্রতিবেদন ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ

জয়পুরহাটের তিন শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে হাজারো দর্শকের উপস্থিতিতে ধারণ করা এবারের আয়োজনে থাকছে গান, নৃত্য, দর্শকপর্ব, তথ্যবহুল প্রতিবেদন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। নতুন পর্বটি ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে ‘ইত্যাদি’ ধারণের ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে জয়পুরহাটের নান্দাইল দিঘিকে। প্রাচীন এই দিঘির কোল ঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজের প্রাঙ্গণে সাজানো হয় অনুষ্ঠানের মঞ্চ। দিঘির জলরাশি ও ঐতিহ্যবাহী পরিবেশের সঙ্গে মঞ্চের আলোকসজ্জা পুরো আয়োজনকে নান্দনিক করে তোলে।
নিজের জেলায় জনপ্রিয় এই অনুষ্ঠান ধারণকে ঘিরে জয়পুরহাটে ছিল উৎসবের আমেজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয় সুশৃঙ্খলভাবে। কালাই উপজেলায় আয়োজন হলেও জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নানা বয়সী মানুষ অনুষ্ঠানটি দেখতে উপস্থিত হন।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে জয়পুরহাটের কৃতী সন্তান ও দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলমের শ্রোতাপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি করা হয়েছে একটি সংকলিত পরিবেশনা।
‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানের সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত হয়েছেন চারজন দর্শক। তাঁরা দ্বিতীয় পর্বে জেলার পরিচিত ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে তৈরি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করবেন।
এবারের পর্বে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি জেলার বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প তুলে ধরা হবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের নীরবতাকে শক্তিতে পরিণত করেছেন তাঁরা।
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপরও থাকছে বিশেষ প্রতিবেদন। ছাই দিয়ে মাটির ক্যানভাসে অবিশ^াস্য সব প্রতিকৃতি আঁকেন তিনি। তাঁর শিল্পকর্ম ও সৃজনশীলতার গল্প তুলে ধরা হবে অনুষ্ঠানে।
মানবিক প্রতিবেদনে থাকছে যশোরের কেশবপুর উপজেলার লেয়াকত আলীর কর্মকাণ্ড। পেশায় সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় নীরবে সহযোগিতা করে আসছেন তিনি। তাঁর মানবিক উদ্যোগের গল্প দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের শেষাংশের একটি প্রতিবেদন।
এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, নিয়মিত চিঠিপত্র পর্ব এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা ও পর্দা সমাচারসহ বিভিন্ন বিষয় উঠে আসবে এসব নাট্যাংশে।
এবারের অনুষ্ঠানে অভিনয় ও পরিবেশনায় অংশ নিয়েছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাঁবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুবর্ণা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান ও বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।