বর্ষণে ভেঙে গেল নরুন্দি-ইটাইল সড়কের পাকা রাস্তা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে জনসাধারণ

জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজার থেকে ইটাইলগামী গুরুত্বপূর্ণ পাকা সড়কের একটি অংশ ভারী বর্ষণের কারণে ধসে পড়ে ভেঙে গেছে। ফলে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও অতিরিক্ত বৃষ্টির পানির চাপে নরুন্দি বাজার সংলগ্ন ইটাইল রোডের মাঝামাঝি অংশ হঠাৎ ভেঙে পড়ে। রাস্তার বড় একটি অংশ ধসে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পুরো সড়কটি। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।
এ সড়ক দিয়ে প্রতিদিন নরুন্দি, ইটাইল ও পিয়ারপুর পাটের ট্রাক বোজাই গাড়ি সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। এছাড়া কৃষিপণ্য, মাছ ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। রাস্তা ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সময়মতো সংস্কার বা প্রতিরোধ মূলক কাজ করা হলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুর সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে রাস্তা ধসের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দ্রুত সংস্কারের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের সেবার জন্য দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা মাঠপর্যায়ে না গিয়ে অফিসকেন্দ্রিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেন। ফলে জরুরি পরিস্থিতিতেও সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা দ্রুত ভেঙে যাওয়া সড়কটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।