ইসলামপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা
নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে জামালপুরের ইসলামপুরে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল বুধবার ২৫ নভেম্বর ইসলামপুর জেসমিন প্রকল্প অফিসে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী পালিত এ কর্মসূচিতে ১৮০টিরও বেশি দেশের ৬ হাজারের বেশি সামাজিক ও উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করছে।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (অঘঈচ)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ বাস্তবায়নে পরিচালিত জেসমিন প্রকল্পের মাধ্যমে ইসলামপুরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার ইসলামপুরে জেসমিন প্রকল্পের কার্যালয়ে ‘অফিস অরেঞ্জ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কার্যালয়টি কমলা রঙে সাজানো হয়। পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী-পুরুষের সমতা ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ১৬ দিনব্যাপী এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা। একই সঙ্গে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আওয়াল, আবিদ হাসান, রাশিদুল হাসান, আব্দুস সামাদ, মোঃ খলিল উল্লাহ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার জহিরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার আনিছুর রহমান, জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।