রাজীব বাসের চাপায় সুজন নিহত বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলার নান্দিনা খরখরিয়া এলাকায় রাজীব বাসের চাপায় সিএনজিচালক সুজন নিহত হওয়ার ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল বুধবার ৭ অক্টোবর সকালে নান্দিনা খরখরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজনের পরিবারের সদস্যরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানান। অবরোধের খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবও ঘটনাস্থলে উপস্থিত হন। যানজট নিরসনে তিনি নিজে সড়কে দাঁড়িয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন। অবরোধকারীদের ফেলে রাখা গাছের গুঁড়ি সড়ক থেকে সরিয়ে দিয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে পুলিশ সদস্যদের নিয়ে যান চলাচলের ব্যবস্থা করেন। পরে ইউএনওর আশ্বাসে নিহত সুজনের মেয়ে শারমিনসহ পরিবারের সদস্যরা অবরোধ তুলে নেন। প্রায় তিন ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের স্বজনরা বলেন, সুজনের মৃত্যুতে তারা শুধু একজন প্রিয়জনকে হারাননি, পরিবারের জীবিকার প্রধান অবলম্বনও হারিয়েছেন। দ্রুত দুর্ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান তারা।