কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ডিসেম্বরে যে কোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যে কোনো অপতৎপরতা রুখে দেবো। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যাদেরকে আইন দ্বারা বারিত করা হয়েছে, আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড তো আমরা চালাতে দেবো না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান এবং আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ডিবির প্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেপ্তার অভিযান চলবে। ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার মোহাম্মদ রাকিবুল ইসলামের ভাইরাল অডিও ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে এটা তার কণ্ঠ। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি বলে জানিয়ে ডিবিপ্রধান বলেন, এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে এগুলো বিস্তারিত তদন্ত চলছে। কান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে, বিস্তারিত আর কী কী পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে তার যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছিল, সেটা তাকে রিমান্ডে নিয়ে এসে ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে এটা তার ভয়েস। তার কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে তিনি আলাপ আলোচনা করেছেন, কোথায় করেছেন, কার সঙ্গে করেছেনÑ এগুলোর তদন্ত চলছে। শফিকুল ইসলাম বলেন, ভয়েস আমরা কোর্টের পারমিশনে নিয়েছি। নিয়ে সিআইডি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি। তথ্য পাচার করেছেন কিনা সাবেক ওসি, কারও সঙ্গে শেয়ার করেছে এরকম কোনো তথ্য আছে কিনাÑ এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এটা তদন্তাধীন বিষয়। এটা আসলে একটা কনক্লুশনে না গেলে বলা যাবে না। অন্য যে প্রশ্নগুলো আছে আমরা তদন্ত করে করবো। গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে দুই দফায় রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ভাইরাল হওয়া অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ তিনি আরও বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ ‘পুলিশ কিছুই করতে পারবে না’Ñ অডিওতে এমন বক্তব্যও শোনা যায়।