গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দিয়েছিল। এরই মধ্যে সেটি মেরামত করা হয়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল রোববার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, এলএনজি ভর্তি কার্গো এরই মধ্যে দেশে পৌঁছেছে। এতে গ্যাসের সরবরাহ ও চাপ বেড়েছে। পাশাপাশি লোডশেডিংও কমে এসেছে। রিজভী জানান, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে। এসব অঙ্গ সংগঠনের দায়িত্বে অচিরেই নতুন নেতৃত্ব আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।