চতুর্থ সিজন নিয়ে আবারও ফিরছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। নতুন সিজনের অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকায় একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রথম গান কবে প্রকাশ পাবে কিংবা কোন শিল্পী থাকছেন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শিগগির এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে সূত্রের দাবি। এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়। পরে কিছু সময় বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান প্রকাশের মাধ্যমে সিজনটি এগিয়ে যায়। ২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা এখন পর্যন্ত তিনটি সিজনে ধারাবাহিকভাবে গান প্রকাশ করেছে। প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশিত হয়েছিল। চতুর্থ সিজন ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
চতুর্থ সিজন নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা
