নিজস্ব সংবাদদাতা
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুর সদরে একটি বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, জামালপুর সদরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন। জামালপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পূজা চলাকালীন সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
